Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণার মামলায় সাবেক এমপি আউয়ালের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৩

ঢাকা: প্রতারণার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে জামিন দিয়েছেন আদালত। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর আপসের শর্তে এক হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।

এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান এলাকা থেকে আউয়ালকে গ্রেফতার করা হয়। এর পর আজ তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই সুলতানউদ্দিন খান। অন্যদিকে, তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

মামলার বাদী রাজীব কায়সার আদালতে হাজির হয়ে বলেন, ‘আমাদের মধ্যে আপস হয়ে গেছে। তিনি জামিন পেলে আপত্তি নেই। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের প্রতিষ্ঠান হ্যাভেলি প্রপার্টি ডেভেলপার লিমিটেড থেকে রাজীব কায়সার ২৬ লাখ টাকা মূল্যের একটি জমি কেনার জন্য চুক্তি করেন। পরবর্তী সময়ে মিরপুর রেজিট্রি অফিসে গিয়ে তা দলিল করেন।

পরে মামলার বাদী ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে দেখেন, এ নামে কোনো জমি নেই। রাজীব টাকার জন্য চাপ দিলে তিনটি চেক দেওয়া হয়। চেকের টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। পরবর্তী সময়ে রাজীব টাকা চাইলে তাকে হত্যার হুমকি দেন আসামি।

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর রাজীব কায়সার বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় এম এ আউয়ালসহ তিন জনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কলাবাগান থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

এম এ আউয়াল জামিন টপ নিউজ প্রতারণার মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর