Thursday 04 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেফটেন্যান্ট তানজিম হত্যায় তারেক রহমানের উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫১

ঢাকা: কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে তারা। দায়িত্ব পালনকালে পৈশাচিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা।’

তিনি বলেন, ‘সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতিকারীরা তাদের অবস্থান জানান দিল। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। ষড়যন্ত্রকারীরা ওঁত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতিকারীদের দমনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিবৃতিতে মো. তানজিম সারোয়ার নির্জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারেক রহমান। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

উদ্বেগ টপ নিউজ তারেক রহমান লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর