Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ সেলিম ও তার পরিবারের ৫ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ২২:৪০

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী ও পুত্র-কন্যাদের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। এতে করে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

ব্যাংক হিসাব স্থগিতের এ তালিকায় থাকা বাকিরা হলেন-শেখ সেলিমের স্ত্রী ফাতেমা সেলিম, ছেলে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম এবং মেয়ে শেখ আমিনা সুলতানা সনিয়া।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বুধবার (২৮ আগস্ট) ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। বিএফআইইউর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে শেখ ফজলুল করিম সেলিম, তার স্ত্রী ফাতেমা সেলিম, ছেলে শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাইম এবং মেয়ে শেখ আমিনা সুলতানা সানিয়ার নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এনইউ

টপ নিউজ শেখ সেলিম