Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত না করতে পারে: ড. ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ২০:৩৯

ঢাকা: উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকারপ্রধান দেশত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটাই— উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার। আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত না করতে পারে, সে জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

বিজ্ঞাপন

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

আরও পড়ুন- নতুন বাংলাদেশ গড়ার শপথ, সবার সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা তার ভাষণে ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হওয়া সরকারের সময়কার অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। বলেন, লাখো শহিদের রক্ত ও লাখো মা-বোনের আত্মদানের বিনিময়ে পাওয়া বাংলাদেশ ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। দেশের সব প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়া হয়েছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। শিক্ষা খাত পঙ্গু করে দেওয়া থেকে শুরু করে ব্যাংকিং ও শেয়ার বাজার খাতের লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্বরেকর্ড, অবাধে সম্পদ পাচার, আইনশৃঙ্খলা বাহিনীকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাকস্বাধীনতা হরণ, মানবাধিকার হরণের মতো বিষয়গুলোর কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার খর্ব করেছে। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন ও বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপণ্ন করেছে। জনগণকে নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নতুন প্রজন্মসহ কোটি কোটি মানুষের ভোটাধিকার বছরের পর বছর হরণ করা হয়েছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সব সব ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে নিয়েছে।

আরও পড়ুন- ‘কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়’

এমন এক পরিস্থিতিতেই ছাত্রজনতা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় ও মুক্ত বাতাসের রাষ্ট্রের স্বপ্ন নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেন, তাদের সেই স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারাবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্নপূরণে সব শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানচ্ছি। তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন। জাতীয় জীবনে তরুণরা এক মহা সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা সবাইকে সেই সুযোগ ব্যবহার করে কাজে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি।

সারাবাংলা/টিআর

জাতির উদ্দেশে ভাষণ টপ নিউজ ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর