Friday 05 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলছে: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৪ ১৫:৫১

ঢাকা: কোটা সংস্কার দাবি পূরণের পরেও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এরপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে।

পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা উল্লেখ করে কাদের বলেন, প্রধান দাবি যেহেতু মানা হয়েছে, সেহেতু শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন, সেটাই আমাদের বিশ্বাস। তারা অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা কেউ চায় না।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীকে যেন হয়রানি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আটককৃতদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় আশা করি তারা এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ঘরে ফিরে যাবে।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে কাদের বলেন, জামায়াত নিষিদ্ধের বিষয়ে মির্জা ফখরুলের বিবৃতি দেখলেই বোঝা যায়, তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। বিএনপি-জামায়াত সব সময় গাঁটছড়া বেঁধে পথ চলেছে। যে কারণে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করাটাকে দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল একে অগণতান্ত্রিক বলাটাই স্বাভাবিক।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, প্রতিটি হত্যার বিচারবিভাগীয় তদন্তে তাদের আওতা বাড়ানো হয়েছে। এখন কমিশনে তিন জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অনেক পরিবারকে আর্থিক সহায়তা প্রেরণ করেছেন। আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে চিকিৎসার নিশ্চয়তা প্রদান করেছেন।

ওবায়দুল কাদের বলেন, নাগরিক সমাজের অনেকেই ব্যক্তিগত মতামত ব্যক্ত করছেন। আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের মতামতের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় মহল যেন (সুযোগ) ব্যবহার না করতে পারে সে জন্য সবার সচেতন থাকা সমীচীন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ড. ইউনূসকে প্রধানমন্ত্রী করে কেবিনেট গঠন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এটাকে পাগলের প্রলাপ বলেও দাবি করেন।

সারাবাংলা/এনআর/এনইউ

কাদের টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর