Friday 05 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকের মূল সরবরাহকারী মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৪ ১৭:৫০

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে মাদকের মূল সরবরাহকারী প্রতিবেশি দেশ মিয়ানমার। সেখান থেকেই মাদক আসে।

বৃহস্পতিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বার্ষিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থেকেও কক্সবাজার, টেকনাফ এবং সাভারের বেদেপল্লিতে মাদকের অবাধ সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টেকনাফের পাশেই মিয়ানমারের অবস্থান। ইয়াবার মূল সাপ্লাইয়ার এই দেশটি। আমি মিয়ানমারের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও দেখা করেছি। তার কাছে আমরা অনুরোধ করেছি। এখন ওই দেশের বর্তমান অবস্থা তো আপনারা জানেন, ওখানে যুদ্ধ চলছে। শুধু আরাকান আর্মি নয়, সেখানে আরও কয়েকটা গ্রুপ যুদ্ধ করছে। কাজেই তাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের যোগাযোগটা তেমন নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিজিবি এবং কোস্টগার্ড সর্বক্ষণিক প্রস্তুত রয়েছে মাদকের এই সাপ্লাই বন্ধ করার জন্য। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আমাদের নজরদারি রয়েছে। আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি। আমাদের এপিবিএন, কোস্টগার্ড, বিজিবি এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চেষ্টা করে যাচ্ছে দেশকে মাদকমুক্ত করার। এ ছাড়া সাভার বেদেপল্লিতে মাদকের কথা আমি নতুন শুনেছি; এটাও দেখব।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, ‘আগে ঠুঁটো জগন্নাথের মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কাজ করতো। আমরা এখন দেশজুড়ে এটির ব্যাপ্তি ঘটিয়েছি। সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। মাদক নিয়ন্ত্রণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের যুবসমাজকে রক্ষা করা সহজ হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর