Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় কোটাবিরোধী শিক্ষার্থীদের রাজপথ ও রেলপথ অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৪ ১৭:৪১

খুলনা: খুলনার সড়ক ও রেলপথ অবরোধ করেছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে মহানগরের দৌলতপুর নতুন রাস্তা মোড়ে এ অবরোধ শুরু হয়। খুলনার বিভিন্ন কলেজে অধ্যয়নরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌথভাবে এ কর্মসূচি পালন করেন।

ওই সময় শিক্ষার্থীদের বাধার মুখে যশোর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা দেরিতে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। রেলপথ অবরোধের পর শিক্ষার্থীরা দৌলতপুর নতুন রাস্তার মোড়ে সড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা যায়।

আন্দোলনকারীরা ‘ছি ছি কোটা, লজ্জায় বাঁচি না’, ‘আঠারোর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’ ধরনের স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে ২০১৮ সালে বড় ছাত্র আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের জেরে এক পরিপত্রের মাধ্যমে সরকার কোটাব্যবস্থাই বাতিল করে দেয়। সম্প্রতি এক রিটের পরিপ্রেক্ষিতে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটার অংশটি বাতিল করেন উচ্চ আদালত। এরপর আবারও শুরু হয়েছে আন্দোলন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

আন্দোলন কোটাবিরোধী খুলনা টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর