টাইব্রেকারে জিতে ইতিহাস গড়ে কোপার সেমিতে কানাডা
৬ জুলাই ২০২৪ ০৯:১৫
নিজেদের ফুটবল ইতিহাসের সেরা অর্জনটা তারা করেছিল কোপার কোয়ার্টার ফাইনালে উঠে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারের সাডেন ডেথে ভেনিজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে কানাডা। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোপা খেলতে এসেই সেমিতে পৌঁছে গেল কানাডা। সেমিতে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এ গ্রুপের রানারআপ হয়ে আর্জেন্টিনার সঙ্গী হয়ে কোয়ার্টারে উঠেছিল কানাডা। প্রতিপক্ষ ভেনিজুয়েলা কাগজে-কলমে কিংবা ইতিহাসে; সবদিকেই তাদের চেয়ে ছিল এগিয়ে। মাঠের লড়াইয়ে অবশ্য ভেনিজুয়েলাকে দারুণভাবেই টেক্কা দিয়েছেন কানাডিয়ানরা।
ম্যাচের মাত্র ১৩ মিনিটেই এগিয়ে যায় কানাডা। জ্যাকব শ্যাফলবার্গের দারুণ এক গোলে লিড পায় কানাডা। প্রথমার্ধে আর তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি দুই দল। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় কানাডা।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া ভেনিজুয়েলা দারুণভাবেই ফিরে এসেছে। ৬৪ মিনিটের মাথায় ভুল করে এগিয়ে এসেছিলেন কানাডার গোলরক্ষক। সেই সুযোগে মাঝমাঠ থেকে দারুণ এক শটে অবিশ্বাস্যভাবে বল জালে জড়ান সলোমন রন্ডন। এই নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন তিনি।
শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পেনাল্টিতে প্রথম শটে গোল পায় দুই দল। দ্বিতীয় শটে পেনাল্টি মিস করে কানাডা ও ভেনিজুয়েলা। তৃতীয় শটেও দুই দল বল জালে জড়িয়েছে। চতুর্থ শটে আবারও পেনাল্টি মিস করেছে দুই পক্ষই। পঞ্চম শটে গোল করে টাইব্রেকার সাডেন ডেথে নিয়ে যায় কানাডা ও ভেনিজুয়েলা।
সাডেন ডেথের প্রথম শটেই উইলকার অ্যাঙ্গেলের শট বাঁচিয়ে দেন কানাডা কিপার ক্রিপাউ। নিজেদের শটে গোল করে কানাডাকে উল্লাসে ভাসান ইসমাইল কোনে। ৪-৩ গোলে জিতে প্রথমবার কোপা খেলতে এসেই সেমিতে পৌঁছে যায় কানাডা।
১০ জুলাইয়ের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা।
সারাবাংলা/এফএম