Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানচিতে স্কুলে যাওয়ার পথে নৌকাডুবিতে ২ শিক্ষার্থী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ২০:৩৮

বান্দরবান: বান্দরবানের থানচিতে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবিতে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শান্তি রানি ত্রিপুরা (১০) ২নং তিন্দু ইউপির ৫ নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া এলাকার মুতিজন ত্রিপুরা’র মেয়ে। অপর জন ফুলবাণী ত্রিপুরা (৯) একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে।

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ৯টায় হরিশ চন্দ্র পাড়া থেকে পাঁচ থেকে ছয়জনের সঙ্গে নৌকায় শান্তি রানি ত্রিপুরা ও ফুলবাণী ত্রিপুরা রুনাদন প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। ঝিরিটির মাঝামাঝি পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় অন্যরা সাঁতার কেটে তীরে পৌঁছালেও ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। সর্বশেষ সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়। তাদের উদ্ধার চেষ্টা চলছে।

থানছি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার লীডার পেয়ার মাহমুদ দুই শিশু শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জানতে পারি যে উপজেলার ২নং তিন্দু ইউনিয়ন ৫নং ওয়ার্ডের হরিশচন্দ্র পাড়া থেকে নৌকায় স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা কবলে পড়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এই মুহূর্তে উদ্ধার অভিযানে যাওয়া সম্ভব হয়নি।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, থানচিতে নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

টপ নিউজ থানচি নিখোঁজ নৌকাডুবি স্কুলশিক্ষার্থী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর