Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৯

ঢাকা: ছয়দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ফেরেন তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ড মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে মিটিং করে তার শারীরিক অবস্থার বিভিন্ন রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, উনি এখন বাসায় যেতে পারবেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে বাসাতেই তার চিকিৎসা চলবে।

গত ১২ সেপ্টেম্বর রাতে খলেদা জিয়াকে হঠাৎ করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের কেবিনে উনি চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল।

এর আগেও জুলাই মাসের শুরুতে গভীর রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এক মাস ১২ দিন পর ২১ অগাস্ট বাসায় ফেরেন। তখন থেকে তার চিকিৎসা বাসায় চলছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতেও চেষ্টা চলছে।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ