Friday 05 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রিমান্ডে নিয়ে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে’

স্পেশাল করেপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ২৩:১২

ঢাকা: রিমান্ডে নিয়ে বিএনপির নেতাদের চোখ ও হাত-পা বেঁধে নির্মমভাবে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৮ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্যাতিত নেতারা বিষয়টি আদালতকে অবহিত করলেও তাদের রিমান্ড অব্যাহত রেখেছেন। তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত। তাদের ওপর চলমান নির্যাতনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে।’

তিনি বলেন, ‘জেলখানার ভেতরেও নেতা–কর্মীদের নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, যা অত্যন্ত অমানবিক এবং আইনের পরিপন্থী। পুলিশি হেফাজতে এ ধরনের নির্যাতন মানবতাবিরোধী অপরাধ।’

মির্জা ফখরুল বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরীহ ছাত্র-ছাত্রী এবং কোটা সংস্কারের নেতাদের নির্যাতন করা হবে না; অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার অব্যাহত রাখা হয়েছে। সাধারণ মানুষ, প্রতিবন্ধী শিশু এবং বিভিন্ন শ্রেণি-পেশার, এমনকি চাকরিজীবীরা পর্যন্ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছেন না।’

তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিনিয়ত গ্রেফতার ও নির্যাতন করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যারা প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করেছেন, তাদের একজনকেও গ্রেফতার করা হয়নি। বরং তাদের নিয়ে সরকারপ্রধান মায়া কান্না করছেন।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার যতই ছলচাতুরী করুক না কেন, গণদাবির কাছে পদত্যাগ করতেই হবে। মানুষ যখন প্রতিবাদ শুরু করেছেন, এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ নির্যাতন ফখরুল রিমান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর