Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ১৪:৪৮

ঢাকা: রাজধানীর ডেমড়া আমুলিয়ার একটি কয়েল তৈরী কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মিয়া (৪৫) নামে এক মিস্ত্রী মারা গেছেন।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ডেমড়া স্টাফকোয়র্টার আমুলিয়া মডেল টাউন এলাকায় ঘটনাটি ঘটে। গুরুত্বর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কারখানার মালিক আবু বকর সিদ্দিক জানান, আমুলিয়া মডেল টাউনে তার আব্দুল হাই ট্রেডার্স নামে কয়েলের কাঁচামাল তৈরির কারখানা আছে। দুলাল ওই কারখনার মিস্ত্রী ছিলেন। সকাল থেকে কারখানার ভিতরে কাজ করছিলেন তিনি। ঘটনার সময় গ্যান্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে তিনি মারা যান।

মৃত দুলালের বাড়ি নোয়াখালীর রামগতি উপজেলায়। তিনি ওই কারখানায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু