Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামনগরে নৌকায় স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৪ ১৬:০৮

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে নৌকার মধ্যে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) গভীর রাতে উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের বাসিন্দা ও গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘের নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা নিহতের স্বজন ও পুলিশের।

নিহত আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি ও তার স্বামী আবুল কাশেম বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ঘেরে মাছ ঝাড়তে যান। ঘেরে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা মাছ ধরার কাজে ব্যবহৃত ডিঙি নৌকার মধ্যে তার হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে তার স্বামীকে দুর্বৃত্তরা নৌকা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চিংড়ি ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবুল কাশেমকে প্রতিপক্ষরা হত্যা করেছে বলে নিহতের স্বজনদের ধারণা। শুক্রবার (৫ জুলাই) ভোরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ সাতক্ষীরা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর