Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপারির বস্তায় বিদেশি রাইফেল-গুলি, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ২২:১৭

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সুপারির বস্তার ভেতরে করে পাচারকালে বিদেশি রাইফেল, গুলি ও ম্যাগাজিনসহ মো. হেলাল উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) সকাল ৮টার দিকে টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ঝরনা চত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. হেলাল উদ্দিন, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার মনির আহম্মদের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, টেকনাফ কেন্দ্রিক অবৈধ অস্ত্র ও গুলি বেচাকেনায় জড়িত সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সন্দেহজনক বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে। পরে ৭২ ঘণ্টা সাঁড়াশি অভিযানের একপর্যায়ে সোমবার সকালে টেকনাফ পৌরসভার ঝরনা চত্বর সংলগ্ন আল করম মসজিদের কাছে পুলিশ একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। সন্দেহজনক একটি মিনিট্রাক সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যায়।

তিনি বলেন, গাড়িটি তল্লাশি চালিয়ে সুপারির বস্তার ভেতরে বিশেষ কৌশলে পলিথিন মুড়িয়ে লুকানো অবস্থায় পাওয়া গেছে বিদেশি একটি জি-৩ রাইফেল, ৫০টি গুলি ও দুইটি ম্যাগাজিন। তবে উদ্ধার করা অস্ত্র ও গুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার হচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

আটক গুলি টপ নিউজ টেকনাফ বস্তা বিদেশি রাইফেল সুপারি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর